অবশেষে দিল্লি যাচ্ছেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান,কূটনৈতিক সমীকরণের নতুন অধ্যায়

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

নিউজ ডেস্ক :: বাংলাদেশের রাজনীতি আবারও প্রবেশ করেছে এক সংবেদনশীল ও কূটনৈতিক অধ্যায়ে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের আসন্ন দিল্লি সফর এখন শুধু প্রতিরক্ষা বা সৌজন্য ভিজিট নয় এটি হয়ে উঠেছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও আন্তর্জাতিক অবস্থান যাচাইয়ের এক গুরুত্বপূর্ণ সূচক।

দীর্ঘদিন ধরে নানা বিতর্ক, অভিযোগ ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যে সেনাপ্রধানের এই সফরকে ঘিরে রাজধানী থেকে কূটনৈতিক মহল পর্যন্ত নানা বিশ্লেষণ ও কৌতূহল দেখা দিয়েছে। এনসিপির এক শীর্ষ নেতার বক্তব্যে বিষয়টি আরও আলোচনায় এসেছে। তাঁর দাবি, সেনাপ্রধান ওয়াকার উজ জামান “নিজের অবস্থান সুদৃঢ় রাখা এবং আন্তর্জাতিক সমর্থন নিশ্চিতের কূটনৈতিক প্রয়াস হিসেবেই দিল্লি সফরের সিদ্ধান্ত নিয়েছেন।

তবে সরকারিভাবে সফরের উদ্দেশ্য, সময়সূচি কিংবা বৈঠকের এজেন্ডা এখনো প্রকাশ করা হয়নি। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনীর মুখপাত্রের নীরবতা কেবল কৌতূহল নয়, বরং প্রশ্নও জাগাচ্ছে—এই সফর কি নিয়মিত কূটনৈতিক রুটিনের অংশ, নাকি এর আড়ালে আরও গভীর কোনো বার্তা লুকিয়ে আছে?

ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক শুরু থেকেই কিছুটা ঠান্ডা। পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময়ে যে ঘনিষ্ঠতা ও কৌশলগত যোগাযোগ ছিল, তা এখন দৃশ্যত দুর্বল। সীমান্ত নিরাপত্তা, পানি বণ্টন, বাণিজ্য ভারসাম্য কিংবা জ্বালানি সহযোগিতা সব ক্ষেত্রেই দ্বিপাক্ষিক যোগাযোগে আস্থার ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে।

ভারতের কূটনৈতিক মহলও বাংলাদেশের নতুন প্রশাসনের প্রতি সতর্ক ও সংযত অবস্থান বজায় রেখেছে। বিশেষত, নতুন সরকারের নীতিনির্ধারণে চীনের প্রভাব ও অবস্থান ভারতের উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
এই প্রেক্ষাপটে সেনাপ্রধান ওয়াকার উজ জামানের দিল্লি সফর অনেকের কাছে এক “বিশ্বাস পুনর্গঠনের প্রচেষ্টা”—একটি বার্তা যে, বাংলাদেশ এখনও আঞ্চলিক স্থিতিশীলতার অংশীদার হতে চায়।

দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সামরিক নেতৃত্বের ভূমিকা কেবল প্রতিরক্ষা সীমাবদ্ধ নয়; এটি প্রায়ই রাষ্ট্রীয় নীতির দিকনির্দেশনায় প্রভাব বিস্তার করে। পাকিস্তান, নেপাল কিংবা শ্রীলঙ্কার সাম্প্রতিক অভিজ্ঞতা তাই বারবার প্রমাণ করেছে, সেনাবাহিনীর কূটনৈতিক অবস্থান কখনও কখনও সরকারের স্থিতিশীলতা নির্ধারণে ভূমিকা রাখে।
বাংলাদেশেও সেই প্রবণতার ইঙ্গিত এখন স্পষ্ট হচ্ছে। ওয়াকার উজ জামানের দিল্লি সফর তাই নিছক প্রটোকল নয়, বরং আঞ্চলিক প্রভাবের পালাবদলের অংশ হিসেবেই দেখা যেতে পারে।

রাষ্ট্র এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে অভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপ এবং আন্তর্জাতিক উদ্বেগ একত্রে কাজ করছে। এই প্রেক্ষাপটে সেনাপ্রধানের দিল্লি সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।