অনলাইন ডেস্ক :: আজ ৮ ডিসেম্বর—চট্টগ্রামের মীরসরাই হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিকামী জনতা পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের পরাজিত করে মীরসরাইকে সম্পূর্ণ শত্রুমুক্ত ঘোষণা করেন।
৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের পর থেকেই মীরসরাইয়ে মুক্তিযুদ্ধের প্রস্তুতি শুরু হয়। ২৫ মার্চ রাতেই পাক বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে উড়িয়ে দেওয়া হয় শুভপুর ব্রিজ। ডিসেম্বরের প্রথম দিকে বেশিরভাগ এলাকা মুক্ত হলেও পাক সেনা ও রাজাকার–আলবদরের একটি অংশ তখনো থানা সদরে অবস্থান করছিল।
৮ ডিসেম্বর পাক সেনারা অয়্যারলেস ভবন ধ্বংস করে থানা এলাকায় অবস্থান নেওয়ার খবর পেয়ে মুক্তিযোদ্ধারা সংগঠিত আক্রমণ চালান। সম্মুখযুদ্ধের পর মীরসরাই সম্পূর্ণ মুক্ত হয়। ‘জয় বাংলা’ স্লোগানে থানা সদরে মিছিলের ঢল নামে, কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে উত্তোলিত হয় স্বাধীন বাংলাদেশের পতাকা।
বাংলাদেশের সব উপজেলার মধ্যে সর্বাধিক সংখ্যক মুক্তিযোদ্ধা অংশগ্রহণের গৌরব মীরসরাইয়ের। একাত্তরে লোহার পুল এলাকায় হানাদারদের নির্মম গণহত্যার স্মৃতিচিহ্ন হিসেবে তালবাড়িয়া বধ্যভূমিতে বর্তমানে একটি স্মৃতিস্তম্ভ রয়েছে।
লেখক:: মোহাম্মদ হাসান