ইউনুস সরকারের কড়া অবস্থান: ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট ও আইপিএল ব্যানের ইঙ্গিত

লেখক: সুবির দে,
প্রকাশ: ১ মাস আগে

দিনপত্র ডেস্ক :: ভারত–বাংলাদেশ ক্রীড়া সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিসিসিআই-এর নির্দেশে আইপিএলে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে না খেলানোর সিদ্ধান্ত ঘিরে তোলপাড় শুরু হয়েছে বাংলাদেশে। এই ঘটনার জেরে ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে দেশের অন্তর্বর্তীকালীন সরকার।
বাংলাদেশ সরকারের স্পষ্ট বক্তব্য—বর্তমান পরিস্থিতিতে ভারতে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলা বাংলাদেশ জাতীয় দলের জন্য নিরাপদ নাও হতে পারে। এমনকি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার বিষয়টিও সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে।
সরকারের নির্দেশে বিসিবির জরুরি বৈঠক
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি প্রকাশ্যে আনেন। তিনি জানান, সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-কে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যাতে গোটা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়।
আসিফ নজরুলের মতে, “যেখানে চুক্তিবদ্ধ হয়েও একজন বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে পারছে না, সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরো দলকে ভারতে পাঠানো কতটা নিরাপদ—সেই প্রশ্ন উঠছে।” এই প্রেক্ষিতেই বিসিবি জরুরি বৈঠক ডেকেছে।
মুস্তাফিজ ইস্যুতে গুরুতর অভিযোগ
ক্রীড়া উপদেষ্টার অভিযোগ, উগ্র সাম্প্রদায়িক চাপের কাছে নতি স্বীকার করেই কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিয়েছে। এই সিদ্ধান্তকে বাংলাদেশে ক্রিকেটের রাজনীতিকরণ হিসেবেও দেখছেন অনেকেই।
উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচ রয়েছে। এর মধ্যে তিনটি ম্যাচ হওয়ার কথা কলকাতার ইডেন গার্ডেন্সে এবং একটি ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। বিশ্বকাপের প্রথম দিনেই ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামার কথা বাংলাদেশের।
বিশ্বকাপ ভেন্যু বদলের প্রস্তাব
বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সরকার চাইছে বিশ্বকাপে তাদের ম্যাচগুলো ভারতের বদলে শ্রীলঙ্কায় আয়োজন করা হোক। অর্থাৎ, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের পক্ষে ঝুঁকছে বিসিবি।
এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করতে বিসিবিকে নির্দেশ দেওয়া হয়েছে। আসিফ নজরুল জানিয়েছেন, আইসিসির কাছে লিখিতভাবে ভেন্যু পরিবর্তনের আবেদন জানাতে হবে।
আইসিসির ভূমিকা নিয়ে প্রশ্ন
এই পরিস্থিতিতে আইসিসির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। বর্তমানে আইসিসির চেয়ারম্যান জয় শাহ—যিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র। ফলে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আবেদন জানালে আইসিসি কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে ওপার বাংলার ক্রিকেট মহল।
আইপিএল সম্প্রচার নিয়েও কড়া অবস্থান
শুধু বিশ্বকাপ নয়, আইপিএল সম্প্রচার নিয়েও কড়া অবস্থান নিয়েছে বাংলাদেশ সরকার। আসিফ নজরুল জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছেন, যাতে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করা যায়।
সব মিলিয়ে মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে ভারত–বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে তৈরি হয়েছে এক অভূতপূর্ব টানাপোড়েন, যার প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ সূচিতেও।