নিউজ ডেস্ক :: বাংলাদেশের অর্থনীতি বর্তমানে নানা সংকট অতিক্রম করছে। এই প্রেক্ষাপটে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নেতৃত্বে পরিবর্তন আনার চিন্তা-ভাবনা শুরু করেছে সরকার। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সরকারের একটি গোয়েন্দা সংস্থা ইতোমধ্যেই যোগ্য চেয়ারম্যান নির্বাচনের জন্য খোঁজ-খবর শুরু করেছে।
এনবিআর দেশের রাজস্ব আহরণের মূল প্রতিষ্ঠান। রাষ্ট্রের উন্নয়ন, বাজেট বাস্তবায়ন ও আর্থিক স্থিতিশীলতার ক্ষেত্রে এনবিআরের ভূমিকা অপরিসীম। তাই এর চেয়ারম্যান হিসেবে একজন দক্ষ, সৎ, আধুনিক প্রশাসনিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন ব্যক্তিকে নিয়োগ দেওয়ার ব্যাপারে সরকার গুরুত্বারোপ করছে।
এবার শোনা যাচ্ছে, চেয়ারম্যান পদে প্রশাসন ক্যাডারের পরিবর্তে কাস্টমস ক্যাডার থেকেই নিয়োগ দেওয়া হতে পারে। কারণ হিসেবে বলা হচ্ছে, কাস্টমস ক্যাডারে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এবং কর ও শুল্ক ব্যবস্থাপনায় দক্ষ কর্মকর্তারা রয়েছেন। তারা সরাসরি মাঠপর্যায়ে রাজস্ব সংগ্রহের সঙ্গে যুক্ত থাকায় বাস্তবতা ভালো বোঝেন এবং নীতি নির্ধারণেও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
একজন যোগ্য চেয়ারম্যান পাওয়া গেলে তা শুধু এনবিআরের জন্য নয়, বরং দেশের সার্বিক অর্থনৈতিক পুনরুদ্ধার ও সংস্কার প্রক্রিয়ায়ও ইতিবাচক প্রভাব ফেলবে বলে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।