নিউজ ডেস্ক ::
জম্মু ও কাশ্মীরের উরিতে অনুপ্রবেশ ঘিরে ভারত ও পাকিস্তানের জঙ্গিদের মধ্যে বড় ধরনের গোলাগুলি হয়েছে। এতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন।
বুধবার (১৩ আগস্ট) পৃথক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডে।
ভারতীয় সেনাবাহিনীর সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে ভারতের সীমানায় প্রবেশের চেষ্টা করে একদল জঙ্গি অনুপ্রবেশকারী। এটি সাধারণ অনুপ্রবেশ প্রচেষ্টার চেয়ে ভিন্ন ছিল, কারণ অনুপ্রবেশকারীরা পাকিস্তান সেনাবাহিনীর সহায়তা পেয়েছিল।
ভারতীয় সেনারা পাল্টা গুলি চালালে সংঘর্ষ শুরু হয় এবং এক ভারতীয় সেনা গুরুতর আহত হয়ে নিহত হন। অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হলেও, খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে পালিয়ে যায় অনুপ্রবেশকারীরা। ঘটনাটি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনও বিবৃতি আসেনি ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে।
মাত্রই তিনদিন আগে দক্ষিণ কাশ্মীরের কুলগামে আখাল বনাঞ্চলে আরেকটি অনুপ্রবেশের চেষ্টার ঘটনা ঘটে, যা প্রতিহত করতে গিয়ে প্রাণ হারান দুই ভারতীয় সেনা। একই ঘটনায় গুরুতর আহত হন আরও দুজন সেনা।