গণভবনকে জাদুঘর বানানো ভ্রান্ত সিদ্ধান্ত, অপচয়ের ফাঁদ ১১১ কোটি টাকার লুটপাট

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

নিউজ ডেস্ক :: গণভবন কোনো ব্যক্তির বাড়ি নয় এটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, রাষ্ট্রের প্রতীক। অথচ সেই ভবনকে ১১১ কোটি টাকা ব্যয়ে জাদুঘর বানানোর সিদ্ধান্ত একেবারেই অযৌক্তিক।

প্রশ্ন হলো জনগণের করের এই বিপুল অর্থ কোথায় যাচ্ছে? কারা কাজ করছে, কীভাবে দরপত্র হচ্ছে কোনো স্বচ্ছতা নেই। টিআইবিও এই প্রকল্প নিয়ে প্রশ্ন তুলেছে। জনগণের অর্থে এভাবে অস্বচ্ছ খরচ স্পষ্টতই লুটপাটের নতুন কৌশল।

আরেকটি গুরুতর প্রশ্ন গণভবন জাদুঘর হলে ভবিষ্যতের প্রধানমন্ত্রী কোথায় থাকবেন? যমুনার মতো একটি অতিথিশালা কোনোভাবেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের বিকল্প হতে পারে না। পৃথিবীর সব দেশে রাষ্ট্রপ্রধানের নির্দিষ্ট সরকারি বাসভবন থাকে। বাংলাদেশে সেটা থাকবে না কেন?

মুক্তিযুদ্ধের মতো ঐতিহাসিক ঘটনার জন্যও রাষ্ট্রীয় জাদুঘর তৈরি হয়নি, অথচ হঠাৎ গণভবন জাদুঘর প্রকল্পে ১১১ কোটি টাকা ব্যয়—এর আড়ালে কেবল ইতিহাস নয়, স্পষ্টতই আর্থিক লুটপাটের গন্ধ আছে।

গণভবনকে জাদুঘরে রূপান্তর করা ভ্রান্ত সিদ্ধান্ত। এটি রাষ্ট্রীয় অর্থের অপচয় ও লুটপাটের আরেকটি ফাঁদ। জনগণের করের টাকায় কোনো ব্যক্তির ক্ষমতাচ্যুতির স্মারক বানানো চলতে পারে না। জনগণ এর পূর্ণ হিসাব চাইবেই।