দিনপত্র ডেস্ক :: রাজধানীর গুলশান নিকেতনের ২ নম্বর গেট সংলগ্ন প্রায় ৪২.২৭ শতাংশ (প্রায় সাড়ে ২৫ কাঠা) জমি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জমির মালিক দাবি করেছেন, তার মালিকানাধীন জমি ‘লেডিস ক্লাব ও পার্ক’ প্রকল্পের নামে দখল করা হচ্ছে।
অভিযোগে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে। যদিও এ বিষয়ে তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
জমির দাবিদার আব্দুর রহমান সোহেল বলেন, তিনি দানসূত্রে জমিটির মালিক হন। তার দাবি, সম্প্রতি রাজউকের একটি মামলার প্রেক্ষিতে তিনি আইনি জটিলতায় পড়েন এবং কারাবরণও করেন। পরবর্তীতে জামিনে মুক্ত হওয়ার পর বিষয়টি নিয়ে রাজউক চেয়ারম্যানের সঙ্গে একাধিকবার বৈঠক করেন।
সোহেলের অভিযোগ, সোমবার রাতে বুলডোজার দিয়ে জমিতে থাকা স্থাপনা ভেঙে ফেলা হয় এবং মঙ্গলবার সেখানে ‘লেডিস ক্লাব ও পার্ক’ উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হয়। তিনি দাবি করেন, এ ঘটনায় তার কাছে মালিকানার কাগজপত্র, যোগাযোগের নথি ও অন্যান্য প্রমাণ রয়েছে।
অন্যদিকে, সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছে, জমিটি জনস্বার্থে ব্যবহারের পরিকল্পনার অংশ হিসেবে উন্নয়ন কার্যক্রম চলছে। তবে এ বিষয়ে রাজউক বা পরিবেশ উপদেষ্টার দপ্তরের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত পাওয়ার চেষ্টা চলছে। বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনটি হালনাগাদ করা হবে।