জয়পুরহাট প্রতিনিধি :: জয়পুরহাটের কালাই উপজেলার পুনটে এলাকার মঞ্জুর আইডিয়াল স্কুলে পরীক্ষার ফি দিতে না পারায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী সুরাইয়া মনিকে (৮) মূল্যায়ন পরীক্ষার কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
সোমবার সকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, পরীক্ষা দিতে আসার পর প্রধান শিক্ষক তাকে ফি না দেওয়ার কথা বলে ঘাড় ধরে কক্ষ থেকে বের করে দেন। এরপর সুরাইয়া মাঠে দাঁড়িয়ে কান্না করতে থাকে, আর তার সহপাঠীরা পরীক্ষা দেয়।
সুরাইয়ার বাবা সাইফুল ইসলাম বলেন, “প্রতি মাসে বেতন দিই, কোনো বকেয়া ছিল না। শুধু পরীক্ষার ফি ১৮০ টাকা বাকি ছিল। আজ দিতে গিয়েই দেখি মেয়েকে কক্ষের বাইরে দাঁড় করিয়ে রেখেছে।”
প্রধান শিক্ষিকা এমিলি ইয়াসমিন রিনা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন, শিশুটির বাবা অভিযোগ দিয়েছেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয়রা বলছেন, অর্থের জন্য শিশুদের শিক্ষা থেকে বঞ্চিত করা চরম অমানবিকতা।