ঢাকায় শিক্ষক হেনস্তা, সমাজের বিবেক নাড়ানো এক অপ্রিতিকর ঘটনা

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

নিউজ ডেস্ক :: জাতি হিসেবে আমরা কোথায় দাঁড়িয়ে আছি ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত নারী শিক্ষিকাদের উপর হামলার ঘটনাটি সেই প্রশ্ন আবারও সামনে এনে দিয়েছে। শিক্ষক মানে জ্ঞানের আলো, মানবতার প্রতীক, সমাজ গড়ার কারিগর। অথচ সেই শিক্ষকই আজ রাস্তায় অপমানিত, নির্যাতিত ও হেনস্তার শিকার এ যেন পুরো জাতির লজ্জা।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে চলমান আন্দোলনে নারী শিক্ষিকারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই কিছু ব্যক্তি সেখানে হামলা চালায়। বিশৃঙ্খলার মধ্যে একাধিক নারী শিক্ষিকা শারীরিকভাবে লাঞ্ছিত হন, তাদের পোশাক টানাহেঁচড়া করা হয় যা কেবল অমানবিকই নয়, বর্বরতার চূড়ান্ত উদাহরণ।

ক্ষতিগ্রস্ত শিক্ষিকাদের অভিযোগ, হামলাকারীদের মধ্যে কিছু রাজনৈতিক দলের কর্মী ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সম্পৃক্ততা ছিল। উপস্থিত সাংবাদিকরাও জানিয়েছেন, প্রশাসনের নীরবতা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।
ইউটিউবার ও সাংবাদিকরা জানিয়েছে জামাত শিবির ও এনসিপি , ইনকিলাব মঞ্চের কর্মীরা শিক্ষকদের উপর হামলা করে।
শিক্ষাবিদ ও নাগরিক সমাজ বলছেন, “যে সমাজে শিক্ষকের সম্মান থাকে না, সে সমাজ অন্ধকারের দিকে এগোয়।” শিক্ষককে হেনস্তা মানে জ্ঞানের প্রতি আঘাত, মানবতার প্রতি অবমাননা। এই ঘটনার মাধ্যমে কেবল কয়েকজন নারী নয়, পুরো শিক্ষা ব্যবস্থাই অপমানিত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই লিখছেন, “যারা শিক্ষককে অপমান করেছে, তারা জাতির ভবিষ্যৎকে অপমান করেছে।”

তবে নাগরিক মহল বলছে, কেবল তদন্ত নয়—এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ আর শিক্ষককে অসম্মান করার সাহস না পায়।

এই ঘটনার মধ্য দিয়ে আবারও স্পষ্ট হয়েছে আমরা কেবল রাজনৈতিক বিভাজনের নয়, নৈতিক অবক্ষয়ের এক গভীর সঙ্কটে আছি। শিক্ষককে মারলে, শিক্ষককে অপমান করলে কেবল মানুষ নয়, গোটা জাতির বিবেক আহত হয়।