ঢাকা সেনানিবাসে অস্থায়ী কারাগার ঘোষণা, তদন্তাধীন কর্মকর্তারা থাকবেন সেখানে

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

নিউজ ডেস্ক :: ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার।
রোববার (১২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, “রাষ্ট্রীয় প্রয়োজনে ও নিরাপত্তাগত কারণে ঢাকা সেনানিবাসের নির্দিষ্ট একটি ভবনকে অস্থায়ী কারাগার হিসেবে ঘোষণা করা হলো।” সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর অভ্যন্তরে শৃঙ্খলাভঙ্গ ও অসদাচরণের অভিযোগে যেসব কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে, তাঁদের অস্থায়ীভাবে সেখানে রাখা হবে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিযুক্ত কর্মকর্তাদের কয়েকজনের পরিবারের সদস্য দাবি করেছেন, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাঁদের “নির্দেশদাতা বা ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও” সমানভাবে তদন্তের আওতায় আনা উচিত, যাতে বিচার প্রক্রিয়া পক্ষপাতহীন হয়।

প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, সেনাবাহিনীর মতো শৃঙ্খলাবদ্ধ প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তদন্তে স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কারণ, এমন যে কোনো পদক্ষেপ কেবল অভিযুক্তদের নয়, গোটা বাহিনীর ভাবমূর্তিতেও প্রভাব ফেলে।

আইন বিশেষজ্ঞরা বলছেন, সামরিক আইন বা আর্মি অ্যাক্ট ১৯৫২ অনুসারে, সেনা সদস্যদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত ও বিচার অবশ্যই নির্ধারিত আইনি কাঠামোর মধ্যেই পরিচালিত হওয়া উচিত।