তাজুলের , রাজসাক্ষী বাণিজ্য’

লেখক: সুমন মাহমুদ,
প্রকাশ: ৪ মাস আগে

দিনপত্র ডেস্ক :: চব্বিশের জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের জন্য পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–এ চিফ প্রসিকিউটর পদে বড় পরিবর্তন এনেছে নবগঠিত সরকার। অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম–এর নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আমিনুল ইসলাম–কে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গেজেট জারি, দায়িত্ব হস্তান্তর

সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের জারি করা গেজেটের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। একই আদেশে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর নিয়োগ পাওয়া তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হয়। বিকালেই তিনি নতুন চিফ প্রসিকিউটরের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

আমিনুল ইসলাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা হিসেবে পরিচিত। নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পাঁচ দিনের মাথায় এ পরিবর্তন ট্রাইব্যুনালের ভবিষ্যৎ গতিপথ নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।

‘রাজসাক্ষী বাণিজ্য’ ও সিন্ডিকেটের অভিযোগ

চিফ প্রসিকিউটর পরিবর্তনের প্রেক্ষাপটে প্রসিকিউশন টিমের ভেতরেই অস্থিরতা দেখা দিয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সদস্য অ্যাডভোকেট বিএম সুলতান মাহমুদ সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে ‘রাজসাক্ষী বাণিজ্য’ ও ‘সেটলিং সিন্ডিকেট’–এর অভিযোগ তুলেছেন।

তার দাবি, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন–কে রাজসাক্ষী করার প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। একইভাবে আশুলিয়ার একটি মামলায় অর্থের বিনিময়ে আসামিকে রাজসাক্ষী করে দায়মুক্তি দেওয়ার অভিযোগও তোলেন তিনি।

সুলতান মাহমুদের ভাষ্য অনুযায়ী, তিন–চারজনের একটি প্রভাবশালী চক্র তদন্ত সংস্থার সঙ্গে সমন্বয় করে এসব সিদ্ধান্ত নিয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে ভিডিও প্রমাণ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আসামি না করে সাক্ষী করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

সামাজিক মাধ্যমে অভিযোগ

এদিকে প্রবাসে অবস্থানরত সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী মোস্তাফিজুর রহমান আহাদ সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাইব্যুনালে ‘সেটলিং বাণিজ্য’ চলছে বলে অভিযোগ করেন। তার বক্তব্যকে সমর্থন করে প্রসিকিউশন টিমের ভেতর থেকেও মতামত আসে।

তাজুল ইসলামের প্রতিক্রিয়া

অভিযোগ অস্বীকার করে বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। স্বচ্ছভাবে বিচার হয়েছে এবং তা ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ছড়ানো হচ্ছে।”

প্রসিকিউশনে ভাঙনের গুঞ্জন

চিফ প্রসিকিউটর পরিবর্তনের পর প্রসিকিউশন টিমে মতভেদের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তি প্রশাসনিক রদবদল বা গণপদত্যাগের সম্ভাবনার কথা বললেও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম তা নাকচ করেছেন। তিনি জানান, নতুন চিফ প্রসিকিউটরকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।