দিনপত্র ডেস্ক ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি রাজনৈতিক প্রোগ্রামে যুবলীগের সমবায় বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত জি কে শামীমের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।
জি কে শামীম যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর হাত ধরে যুবলীগে যোগ দেন বলে রাজনৈতিক মহলে জানা যায়। আওয়ামী লীগ সরকারের সময় তিনি গণপূর্ত অধিদপ্তর (পিডব্লিউডি) সংশ্লিষ্ট বিভিন্ন ঠিকাদারি কাজে প্রভাব বিস্তার করেন বলে সে সময় বিভিন্ন গণমাধ্যমে অভিযোগ উঠে আসে। অভিযোগ অনুযায়ী, পিডব্লিউডিতে সন্ত্রাসী বাহিনী ব্যবহার করে টেন্ডার নিয়ন্ত্রণের মাধ্যমে তিনি প্রভাবশালী অবস্থান তৈরি করেন।
সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের আমলে জি কে শামীমের বিরুদ্ধে প্রায় দশ হাজার কোটি টাকার ঠিকাদারী কাজ ভাগিয়ে নেন এসব কাজে জালিয়াতির অভিযোগ উঠে আসে। বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বহুল আলোচিত ‘বালিশ কাণ্ড’-এর সঙ্গেও তার নাম জড়িয়ে যায়। ওই ঘটনার পর তাকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে, ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো থেকে তিনি খালাস পেয়েছেন বলে বিভিন্ন সূত্র দাবি করছে। সাম্প্রতিক সময়ে তারেক রহমানের প্রোগ্রামে তার উপস্থিতি বিএনপির রাজনীতিতে তার অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন।
এ বিষয়ে জি কে শামীম বা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে ভাইরাল হওয়া ছবিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ও সমালোচনা উঠছে।
রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।