নাফ সীমান্তে মিয়ানমারের আগ্রাসন,গুলিতে ঝরল বাংলাদেশি শিশু আফনানের প্রাণ

লেখক: সুমিত বিশ্বাস
প্রকাশ: ২ মাস আগে

দিনপত্র ডেস্ক :: নাফ নদী এখন আর শুধু একটি সীমান্তরেখা নয় এটি পরিণত হয়েছে বাংলাদেশি নাগরিক হত্যার উন্মুক্ত মঞ্চে। আজ রোববার সকালে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নির্বিচারে ছোড়া গুলিতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় প্রাণ হারিয়েছে এক নিষ্পাপ বাংলাদেশি শিশু আফনান,
সকাল আনুমানিক ৯টার দিকে মিয়ানমার দিক থেকে আসা গুলিতে নিহত হয় আফনান (৭) স্থানীয় জসিম উদ্দিনের কন্যা। শিশুটির কোনো অপরাধ ছিল না, কোনো সীমান্ত লঙ্ঘন ছিল না। তবু তাকে মরতে হলো এক প্রতিবেশী দেশের গোলার মুখে। ঘটনার সত্যতা নিশ্চিত করে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র রুদ্র জানিয়েছেন, সীমান্তের ওপার থেকেই ছোড়া গুলিতে শিশুটির মৃত্যু হয়। একই ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
এই ঘটনা কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়। টেকনাফের মাটিতে এর আগেও ঝরেছে বাংলাদেশি রক্ত। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে নিহত হয়েছেন আমাদের বোন আফনান। একের পর এক প্রাণহানি প্রমাণ করে এটি একটি চলমান সীমান্ত আগ্রাসন।
গত ছয় মাস ধরে নাফ সীমান্তে গোলাগুলির কারণে টেকনাফ এলাকার হাজারো মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছে। শিশুদের স্কুলে পাঠাতে ভয়, নিজ ঘরেও নেই নিরাপত্তা। আজ এই অব্যাহত হত্যার বিচারের দাবিতে কক্সবাজারে রাস্তায় নেমেছে স্থানীয় মানুষ। এটি কোনো রাজনৈতিক নাটক নয় এটি বাঁচার আর্তনাদ, নিরাপত্তা ও মর্যাদার দাবি।
একটি শিশুর রক্তের দায় শুধু সীমান্তের ওপারের ট্রিগার-চাপা হাতেই নয়। এই আগ্রাসন বন্ধে যারা নীরব, ইতিহাস তাদেরও ক্ষমা করবেনা।