নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন: স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনির বিরুদ্ধে প্রভাব খাটানো ও আর্থিক লেনদেনের অভিযোগ

লেখক: সুমিত বিশ্বাস
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

দিনপত্র ডেস্ক রিপোর্ট
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনির ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, তিনি প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখার পরিবর্তে পরোক্ষভাবে রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ করে দিচ্ছেন, যা নির্বাচনকালীন সময়ে উদ্বেগজনক বার্তা দিচ্ছে।
অভিযোগে আরও বলা হয়, সম্প্রতি নাসিমুল গনির পরিবারের একজন সদস্য ডিএমপি কমিশনারের নাম ব্যবহার করে একটি কনসার্ট আয়োজনের অনুমতির কথা বলে প্রায় ৩৫ লাখ টাকা নিয়েছেন। অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় প্রভাবশালী পরিচয় ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের ইঙ্গিত পাওয়া যায়।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে এবং সুষ্ঠু তদন্ত হলে আরও তথ্য সামনে আসতে পারে। অভিযোগকারীরা সতর্ক করে বলেন, নির্বাচনকালীন সময়ে প্রশাসনের যেকোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ ভবিষ্যতে সংশ্লিষ্টদের জন্য আইনগত জটিলতা তৈরি করতে পারে।
তাদের ভাষায়, “আমরা স্বরাষ্ট্র সচিবের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। মানুষের প্রত্যাশা একটাই—প্রশাসনের নিরপেক্ষতা। কোনো ধরনের টালবাহানা বা প্রভাব বিস্তারের চেষ্টা হলে এর পরিণতি গুরুতর হতে পারে।”
এ বিষয়ে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনির বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রকাশের সময় পর্যন্ত তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযোগের বিষয়ে স্বচ্ছ তদন্ত ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা না থাকলে জনমনে আস্থার সংকট আরও গভীর হতে পারে।