পলাতক মেজর জেনারেল কবির এখন ভারতে

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গুম, গোপন আটক ও নির্যাতনের অভিযোগে মামলা থাকা সিটিআইবির সাবেক পরিচালক মেজর জেনারেল কবীর আহাম্মেদ সরকারের সহযোগিতায় ভারতের পথে চলে গেছেন। সূত্র জানায়, সরকারের দুইজন উপদেষ্টা এবং বিজিবির শীর্ষ কর্মকর্তারা তাকে দেশত্যাগে সহায়তা করেছেন।

মেজর জেনারেল হাকিমুজ্জামান জানান, কবীর আহাম্মেদ ৯ অক্টোবর সকালে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ। তাকে আটক করতে ডিজিএফআই, এনএসআই ও বিজিবিকে নির্দেশ দেওয়া হয়েছিল। এই নিরাপত্তার ব্যবস্থা থাকা সত্ত্বেও তিনি দেশত্যাগে সক্ষম হয়েছেন।

গুমের দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ৩০ জনের বিরুদ্ধে ৮ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর মধ্যে ২৫ জন সেনা কর্মকর্তা রয়েছেন। দেশের ইতিহাসে চাকরিরত অবস্থায় এত সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া এটি প্রথম ঘটনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী ২১ অক্টোবরের মধ্যে তাদের গ্রেফতার করে ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ট্রাইব্যুনালের চার্জশিটে নাম থাকা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে বলে সেনা সদর শনিবার জানিয়েছে। এই ঘটনার পর দেশের নিরাপত্তা ও সেনা প্রশাসনের উপর প্রশ্ন তুলেছে জনমনে এবং বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা।