বিএফআইইউর নজরে সাবেক ৪ উপদেষ্টা: তলব ব্যাংক হিসাব

লেখক: সুবির দে,
প্রকাশ: ১ মাস আগে

নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের কয়েকজন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তাদের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে কোনো অস্বাভাবিক লেনদেন হয়েছে কি না, তা খতিয়ে দেখতে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে তথ্য চেয়েছে সংস্থাটি।

ব্যাংকের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহে পাঠানো এক চিঠিতে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ফাওজুল কবির খান, আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বখস চৌধুরীর ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট, লেনদেনের বিবরণ ও সংশ্লিষ্ট তথ্য এক্সেল শিট আকারে তিন কর্মদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।

সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন আর্থিক লেনদেনের বিষয়ে প্রাথমিক তথ্য যাচাইয়ের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কোনো ধরনের অস্বাভাবিক বা সন্দেহজনক লেনদেন হয়েছে কি না, তা পর্যালোচনা করতেই ব্যাংকগুলোর কাছে তথ্য চাওয়া হয়েছে।

এর আগে একই ধরনের অনুসন্ধানের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের আরেক সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব সম্পর্কেও তথ্য তলব করা হয়েছিল বলে জানা গেছে।

তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ বা মামলা দায়েরের তথ্য প্রকাশ্যে আসেনি। আর্থিক গোয়েন্দা সংস্থার এই পদক্ষেপকে তদন্তের প্রাথমিক ধাপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বিএফআইইউ বা সংশ্লিষ্ট ব্যক্তিদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।