নিউজ ডেস্ক :: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–সংশ্লিষ্ট জান্নাতারা রুমীর মৃত্যু কেবল একটি আত্মহত্যার সংবাদ হিসেবে দেখার সুযোগ নেই। ঘটনাটিকে ঘিরে ওঠা অভিযোগ, প্রশ্ন ও নৈতিক বিতর্ক দেশের রাজনৈতিক সংস্কৃতি, নারী রাজনীতিকদের নিরাপত্তা এবং নেতৃত্বের দায়বদ্ধতা নিয়ে নতুন করে আলোচনার দরজা খুলে দিয়েছে। একাধিক সূত্র ও ঘনিষ্ঠজনের বক্তব্যে এনসিপির নেতা হান্নান মাসুদের নাম উঠে আসায় বিষয়টি ব্যক্তিগত ট্র্যাজেডির সীমা ছাড়িয়ে জনস্বার্থের ইস্যুতে পরিণত হয়েছে।
রুমীর রুমমেট ও ঘনিষ্ঠদের দাবি এনসিপির কেন্দ্রীয় নেতা হান্নান মাসুদের সঙ্গে রুমীর ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং তাদের বিবাহের কথাও চলছিল। কিন্তু অন্যত্র বিয়ের সিদ্ধান্তে রুমী মানসিকভাবে ভেঙে পড়েন এমন অভিযোগ রয়েছে। বিশ্বাসভঙ্গ, সামাজিক চাপ ও অপমান কি তাকে চরম সিদ্ধান্তে ঠেলে দিয়েছে এই প্রশ্ন উপেক্ষা করা যায় না। আরও গুরুতর দাবি হলো, মৃত্যুর সময় রুমী অন্তঃসত্ত্বা ছিলেন যদিও এসব তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
এখানে মূল প্রশ্ন আইনি প্রক্রিয়ার বাইরেও নৈতিক ও রাজনৈতিক দায়ের। পুলিশ তদন্তের কথা বললেও, জনপরিসরে বিশ্বাসযোগ্যতা রক্ষায় অভিযুক্ত হিসেবে যাদের নাম এসেছে তাদের নীরবতা প্রশ্নবিদ্ধ। একজন প্রভাবশালী নেতার দায়িত্ব কি কেবল অপেক্ষা করা, নাকি স্পষ্ট অবস্থান জানানো ও তদন্তে সক্রিয় সহযোগিতা করা?
এই মৃত্যু ধামাচাপা দেওয়ার সুযোগ নেই। অভিযোগ সত্য না মিথ্যা তা নির্ধারণ করবে স্বচ্ছ, প্রভাবমুক্ত তদন্ত। তবে নৈতিক দায়ের প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগও নেই। সত্য উদ্ঘাটন, জবাবদিহি এবং নিরাপদ রাজনৈতিক পরিসর নিশ্চিত না হলে এমন মৃত্যু আবারও ফিরে আসবে।