দিনপত্র ডেস্ক রিপোর্ট :
মুন্সিগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ফখরুদ্দিন রাজির উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উদ্দেশ্যে আবারও অশালীন ও অবমাননাকর ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে জামাত নেতা আব্দুল হাই আযাদের বিরুদ্ধে।
স্থানীয় এক রাজনৈতিক সমাবেশে আব্দুল হাই আযাদ প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ‘বে*শ্যা’ বলে গালি দেন বলে অভিযোগ করা হচ্ছে। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের জামাত প্রার্থী ফখরুদ্দিন রাজি। ঘটনার ভিডিও ও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।
সমালোচকরা বলছেন, দেশের শীর্ষ বিদ্যাপীঠের নারী শিক্ষার্থীদের নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য শুধু নারীর প্রতি অবমাননাই নয়, বরং শিক্ষাঙ্গন ও মুক্ত চিন্তার ওপর সরাসরি আঘাত। তারা প্রশ্ন তুলেছেন—একজন রাজনৈতিক নেতার এমন বক্তব্য কীভাবে একটি দলের নেতৃত্ব সহ্য করে।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থী, মানবাধিকারকর্মী ও বিভিন্ন নাগরিক সংগঠন তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অনেকেই জামায়াতে ইসলামীর নেতৃত্বের নীরব ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করছেন।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল হাই আযাদ কিংবা জামাত প্রার্থী ফখরুদ্দিন রাজির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নারী শিক্ষার্থীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে এমন বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে কঠোর অবস্থান নেওয়ার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।