নিউজ ডেস্ক :: রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় কর্মরত এক ফার্মাসিস্টের বিরুদ্ধে নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হলেও তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পরও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে। বরং অভিযুক্ত কর্মকর্তা প্রভাব খাটিয়ে তদন্ত প্রতিবেদন ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন—এমন অভিযোগ উঠেছে।
সূত্র জানায়, পুঠিয়া উপজেলায় কর্মরত ফার্মাসিস্ট গোলাম মর্তুজার বিরুদ্ধে নারী সহকর্মীর প্রতি যৌন হয়রানির লিখিত অভিযোগ জমা পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে কমিটি অভিযোগের সত্যতা পায় এবং অভিযুক্ত কর্মকর্তাকে অন্যত্র বদলির সুপারিশ করে প্রতিবেদন দাখিল করে।
তবে একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, ওই তদন্ত প্রতিবেদন বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরে পড়ে থাকলেও দীর্ঘদিন ধরে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। ফলে অভিযুক্ত কর্মকর্তা এখনো বহাল তবিয়তে কর্মরত রয়েছেন।
সূত্র আরও জানায়, যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত ওই কর্মকর্তা স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) আবু হানিফের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, এই ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে পরিচালক (প্রশাসন) দপ্তরের মাধ্যমে তদন্ত প্রতিবেদনটি চেপে রাখা হয়েছে এবং বদলির সুপারিশ কার্যকর হতে দেওয়া হয়নি।
স্বাস্থ্য প্রশাসনের ভেতরে এ নিয়ে ক্ষোভ বাড়ছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, নারী সহকর্মীর প্রতি যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগে তদন্তে সত্যতা পাওয়ার পরও যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তবে তা কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা অভিযোগ করেন, মোটা অংকের ঘুষের বিনিময়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) আবু হানিফ নারী কেলেঙ্কারিতে জড়িত ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের কার্যত রক্ষাকবচে পরিণত হয়েছেন। ফলে শাস্তির পরিবর্তে অভিযুক্তরা থেকে যাচ্ছেন নিরাপদ অবস্থানে।
এ বিষয়ে অভিযুক্ত ফার্মাসিস্ট গোলাম মর্তুজার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তা পাওয়া যায়নি। একইভাবে পরিচালক (প্রশাসন) আবু হানিফের কাছ থেকেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্বাস্থ্য প্রশাসনের দায়িত্বশীল মহল মনে করছে, দ্রুত তদন্ত প্রতিবেদন কার্যকর না হলে এ ধরনের অভিযোগ ভবিষ্যতে আরও বাড়বে এবং প্রশাসনের ওপর সাধারণ মানুষের আস্থা আরও ক্ষুণ্ন হবে।