রংপুরে রাতের আধারে প্র”তি’মা ভাংচুর করেছে দুর্বৃত্তরা

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

রংপুর প্রতিবেদন

রংপুরের মিঠাপুকুর উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নে একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (৯ আগস্ট ২০২৫) দিবাগত রাতে ইউনিয়নের ছড়ান হিন্দু পাড়ার একমাত্র মন্দিরে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা মন্দিরের ভেতরে প্রবেশ করে পূজামণ্ডপের প্রধান প্রতিমাটি ভাঙচুর করে ফেলে রেখে যায়। সকালে মন্দিরে গিয়ে স্থানীয়রা ভাঙা প্রতিমা দেখে হতবাক হয়ে পড়েন। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মন্দির কমিটির এক সদস্য বলেন, “আমরা বহু বছর ধরে শান্তিপূর্ণভাবে পূজা-অর্চনা চালিয়ে আসছি। কে বা কারা এই কাজ করলো, আমরা বুঝতে পারছি না। তবে এই ঘটনায় আমাদের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত লেগেছে।”

ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ মন্দির এলাকা ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে মিঠাপুকুর থানা পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, হিন্দু সম্প্রদায়ের নেতারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় পুরো হিন্দু পাড়ায় শোক ও ক্ষোভ বিরাজ করছে, আর সাধারণ মানুষ শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কার্যকর ভূমিকার প্রত্যাশা করছেন।