নিউজ ডেস্ক :: দীপু দাসের হত্যার শোক কাটতে না কাটতেই বাংলাদেশে ফের এক সংখ্যালঘু যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রাজবাড়ীর পাংশা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে অমৃত মণ্ডল ওরফে সম্রাট (২৯) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনা ঘটে বুধবার রাত ১১টার দিকে উপজেলার হোসেনডাঙ্গা পুরাতন বাজারে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বৃহস্পতিবার সকালে এ ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত অমৃত মণ্ডল হোসেনডাঙ্গা গ্রামের অক্ষয় মণ্ডলের ছেলে। পুলিশ ইতিমধ্যেই অমৃত মণ্ডলের সহযোগী সেলিম শেখকে আটক করেছে। সেলিম পাংশার বসা-কুষ্টিয়া গ্রামের ইসলাম শেখের ছেলে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি আগ্নেয়াস্ত্রও পুলিশ জব্দ করেছে।
স্থানীয়রা বলছেন, চাঁদাবাজি ও সহিংসতার এই ধারাবাহিকতা সাধারণ মানুষের মধ্যে গভীর আতঙ্ক সৃষ্টি করছে। দীর্ঘদিন ধরে প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও দ্রুত বিচারের অভাব এই ধরনের নৃশংস ঘটনা বাড়াচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, সংখ্যালঘু ও সামাজিকভাবে দুর্বল জনগোষ্ঠীর ওপর এমন সহিংসতার ঘটনা শুধুই অপরাধ নয়, বরং এটি সামাজিক অরাজকতারও প্রতিফলন।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তদন্ত চালাচ্ছে। তবে জনগণের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ইতিমধ্যেই তীব্রভাবে ছড়িয়ে পড়েছে।