নিজস্ব প্রতিবেদক
সিলেটের গোয়াইনঘাটে নৌপথে চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) আন্দোলনের সমন্বয়ক আজমল হোসেনসহ তার গ্যাংয়ের ৭ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত রাত ৩টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া গ্রামের বাসিন্দা সমন্বয়ক আজমল, একই এলাকার বাসিন্দা সুলতান আহমদ, বিল্লাল মেম্বার, সুবহান, শাকিল, ফারুক মিয়া ও ফয়সল মৌলবী।
আটককৃতরা গত বছরের ৫ই আগস্টের পর থেকে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। চাঁদাবাজি, দখলবাজি, মামলা বাণিজ্যসহ বিভিন্ন সন্ত্রাসমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন বলে জানায় এলাকাবাসী।
জানা যায়, আজমলের নেতৃত্বে একটি দল নৌকা ও বাল্কহেড আটকে চাঁদাবাজি করতেন। এ বিষয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা করেন সদর ইউনিয়নের জনৈক আব্দুল হালিম। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব গতকাল রাত ৩টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে আজমলসহ তার গ্যাংয়ের ৭ সদস্যকে গ্রেপ্তার করে।
আজ রোববার, ১০ই আগস্ট দুপুরে তাদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়।
র্যাব জানায়, গত ২৮শে জুন ভোরে বৈছা সমন্বয়ক আজমলসহ তার সন্ত্রাসী গ্যাংয়ের শতাধিক ব্যক্তি গোয়াইঘাট থানাধীন লেঙ্গুড়া বালু মহাল দখল নিয়ে বালু ব্যবসায়ী ও নৌকার মালিকদের কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করে; না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একই দিন সকাল সাড়ে ৯টার দিকে তিতারাই নৌঘাটের নৌকার মাঝিদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ৮ লাখ ৮০ হাজার টাকা চাঁদা তোলে আজমল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থলে বাল্কহেড, নৌকা ও কার্গো জাহাজ আটকে রাখে আজমলের গ্যাং।
এ ঘটনায় সমন্বয়ক আজমলকে প্রধান আসামী করে গোয়াইনঘাট থানায় ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয় ভুক্তভোগীদের পক্ষ থেকে।
এদিকে, অভিযুক্ত সম্পর্কে জানতে আজমলের অতি ঘনিষ্ঠ বৈছার সিলেট জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক সালমান খুরশেদের মোবাইল ফোনে কয়েকবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ বলেন, চাঁদাবাজির মামলায় ৭ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে র্যাব। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।’