সুত্রাপুরে টাকা বিতরণের সময় আটক জামায়াতের নায়েবে আমির, দুই দিনের কারাদণ্ড

লেখক: সুমিত বিশ্বাস
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

ঢাকা, বুধবার: রাজধানীর সুত্রাপুরে ভোটকেন্দ্রের সামনে টাকা বিতরণের সময় জামায়াতের এক নেতাকে আটক করে স্থানীয় জনগণ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই দিনের কারাদণ্ড দিয়েছেন।
আটক ব্যক্তি মো. হাবিব, যিনি সুত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির বলে জানা গেছে। বুধবার ঢাকা-৬ আসনের সুত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মো. হাবিব ভোটারদের মাঝে টাকা বিতরণ করে ভোট প্রভাবিত করার চেষ্টা করছিলেন। এ সময় এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করেন। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।
জানা গেছে, সুত্রাপুরের ৪৪ নম্বর ওয়ার্ড এলাকার একটি চালের দোকানে ভোটারদের কাছে টাকা বিতরণের সময় তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা যাচাই করেন।
সুত্রাপুর থানার ওসি মো. মতিউর রহমান বলেন, “হাবিব নামে একজনকে সাজা দেওয়া হয়েছে। তার কাছে নগদ টাকা পাওয়া গেছে।”
পরবর্তীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত মো. হাবিবকে দুই দিনের কারাদণ্ড প্রদান করেন।