প্রতিনিধি সুনামগঞ্জ:: সুনামগঞ্জের শাল্লা উপজেলার মুক্তারপুর গ্রামের তরুণ দীপাংশু চৌধুরী শান্ত (২২)-এর নিখোঁজ হওয়ার চারদিন পর কিশোরগঞ্জ জেলার ইটনা মিটামইন এলাকায় নদীতে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে।
পরিবার সূত্রে জানা যায়, দীপাংশু চৌধুরী, পিতা দীপক চৌধুরী, গত ১৪ আগস্ট বিকেল ৩টার দিকে শাল্লা সদরের নিজ বাড়ি থেকে বের হন। তবে তিনি সঙ্গে মোবাইল ফোন নেননি। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবার ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও চারদিন ধরে কোনো সাড়া পাওয়া যায়নি।
অবশেষে ১৮ আগস্ট সকালে কিশোরগঞ্জের ইটনা মিটামইন এলাকায় নদীতে স্থানীয়রা এক তরুণের ভাসমান লাশ দেখতে পায়। পরে পরিচয় নিশ্চিত হলে জানা যায় সেটি নিখোঁজ দীপাংশু চৌধুরীর লাশ।
দীপাংশু ছিলেন সিলেট এম.সি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের একজন মেধাবী শিক্ষার্থী। তার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোক।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্ত ছিলেন ভদ্র ও প্রাণবন্ত স্বভাবের ছেলে। তার মৃত্যুতে তারা ভেঙে পড়েছেন।
এদিকে স্থানীয়রা জানান, দীপাংশুর নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তরুণ বয়সে এমন মর্মান্তিক পরিণতি কেউ মেনে নিতে পারছে না।