হাফিজ সঈদের ঘনিষ্ঠ পাকিস্তানি ধর্মপ্রচারক বাংলাদেশে, নিরাপত্তা মহলে উদ্বেগ

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

নিউজ ডেস্ক :: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত উদ দাওয়াহ্‌ (JuD) প্রধান হাফিজ সঈদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত পাকিস্তানের মারকাজি জামিয়াত আহলে হাদিসের সাধারণ সম্পাদক ইবতিসাম ইলাহি জাহিরের সাম্প্রতিক বাংলাদেশ সফর নিয়ে দেশের নিরাপত্তা মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ২৫ অক্টোবর আকস্মিকভাবে বাংলাদেশে এসে তিনি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জসহ সীমান্তবর্তী এলাকাগুলোতে সফরসূচি শুরু করেছেন।

সূত্র জানায়, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এটি জাহিরের দ্বিতীয় বাংলাদেশ সফর। একজন বিতর্কিত আন্তর্জাতিক ধর্মপ্রচারকের এমন ঘন ঘন সীমান্ত সংলগ্ন এলাকায় উপস্থিতি গোয়েন্দা সংস্থাগুলোর নজর কেড়েছে। ২৫ অক্টোবর সন্ধ্যায় রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণের পর তাকে অভ্যর্থনা জানান আল জামিয়া আস সালিফার সদস্য আবদুর রহিম বিন আবদুর রাজ্জাক—যিনি আহলে হাদিস নেতা শেখ আবদুর রাজ্জাক বিন ইউসুফের পুত্র।

পরদিন তিনি শেখ আবদুর রাজ্জাকের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হন। জানা গেছে, তিনি সেখানে নাচোলসহ সীমান্তবর্তী কয়েকটি এলাকায় স্থানীয় মসজিদে বক্তব্য দেবেন এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান আসাদুল্লাহ আল গালিবের সঙ্গেও বৈঠক করবেন। নভেম্বরের প্রথম সপ্তাহে রংপুর, লালমনিরহাট, নীলফামারী, জয়পুরহাট ও নওগাঁ সফরেরও পরিকল্পনা রয়েছে তার। ৬ ও ৭ নভেম্বর রাজশাহীর পবার ডাঙিপাড়ায় সালাফি সম্মেলনে বক্তব্য শেষে ৮ নভেম্বর তার পাকিস্তান ফেরার কথা রয়েছে।

ইবতিসাম ইলাহি জাহির অতীতে ইসলাম ত্যাগকারীদের হত্যার আহ্বান এবং “যৌন দাসত্ব” সমর্থনের মতো বক্তব্য দিয়ে আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়েছেন। যুক্তরাজ্যের চ্যারিটি কমিশন তাকে একাধিকবার তদন্তের আওতায় এনেছিল এবং দেশটিতে তার প্রবেশ নিষিদ্ধের দাবি উঠেছিল। তার এই সফর বাংলাদেশে জঙ্গিবাদ পুনরুজ্জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।