দিনপত্র ডেস্ক রিপোর্ট :
দেশের বেসরকারি স্বাস্থ্যখাতের পরিচিত প্রতিষ্ঠান ইবনে সিনা হাসপাতাল ঘিরে নতুন করে তোলপাড় সৃষ্টি হয়েছে। হাসপাতালটির অর্থ ব্যবস্থাপনায় শত কোটি টাকা লুটপাট ও আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে, যেখানে আলোচনার কেন্দ্রে রয়েছেন প্রতিষ্ঠানটির প্রভাবশালী ব্যক্তি জামাত কেন্দ্রীয় নেতা ডা. তাহের।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন প্রকল্প, ওষুধ ক্রয়, যন্ত্রপাতি সরবরাহ এবং প্রশাসনিক খাতে অতিরিক্ত বিল দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট একাধিক নথি ও অভ্যন্তরীণ হিসাবের বরাতে দাবি করা হচ্ছে, এই অর্থের পরিমাণ শত কোটি টাকারও বেশি।
বিশেষজ্ঞদের মতে, যদি এসব অভিযোগ সত্য প্রমাণিত হয়, তবে এটি শুধু একটি প্রতিষ্ঠানের দুর্নীতি নয়—বরং দেশের স্বাস্থ্যখাতে একটি ভয়াবহ দৃষ্টান্ত হয়ে থাকবে। কারণ, ইবনে সিনা হাসপাতাল দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের আস্থার জায়গা হিসেবে পরিচিত।
তবে এসব অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত ডা. তাহের বা ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা এই প্রতিবেদনে যুক্ত করা হবে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলছেন, স্বাস্থ্যখাতের মতো সংবেদনশীল জায়গায় দুর্নীতির অভিযোগ হালকাভাবে দেখার সুযোগ নেই।
সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, অভিযোগের সত্যতা যাচাইয়ে দ্রুত স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত জরুরি। একই সঙ্গে প্রয়োজন হলে দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।