ওয়াজ মাহফিলে মিথ্যা বয়ানের কথা স্বীকার করলেন জামায়াত নেতা মুফতি আমির হামজা

লেখক: সুবির দে,
প্রকাশ: ২ দিন আগে

নিউজ ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল নিয়ে ওয়াজ মাহফিলে দেওয়া বিতর্কিত ও মিথ্যা বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে আলোচনায় থাকা এই বক্তা নিজেই স্বীকার করেছেন, তার কিছু বক্তব্য ছিল অনিচ্ছাকৃত ভুল ও অসতর্কতাজনিত।
সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুফতি আমির হামজা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলগুলো নিয়ে দেওয়া বক্তব্যে ভুল তথ্য উঠে এসেছে। তিনি বলেন, “মুখ ফসকে কথা বের হয়েছে, ইচ্ছে করে বলিনি। এজন্য আমি দুঃখিত।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে আজান দেওয়া নিয়ে বিতর্কিত বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে ভুলবশত মুহসিন হলের নাম উল্লেখ করেছেন। “তুলনা করে কথা বলতে গিয়ে প্যাঁচ লেগে যায়। আমি আর এসবের মধ্যে নেই। এজন্য ক্ষমাপ্রার্থী এবং ভবিষ্যতে সতর্ক থাকব,”—বলেন তিনি।
এদিকে, মুহসিন হল মসজিদের মুয়াজ্জিন তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, “আমি ২০ বছর ধরে নিয়মিত পাঁচ ওয়াক্ত আজান দিচ্ছি। কখনো কোনো বাধার মুখে পড়িনি। আমি ছুটিতে থাকলে শিক্ষার্থীরাই আজান দেয়।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে মদের বোতল থাকার বিষয়ে দেওয়া বক্তব্য নিয়েও সমালোচনার মুখে পড়েন মুফতি আমির হামজা। এ বিষয়ে তিনি বলেন, “আমি নিজে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে থেকেছি। ক্যাম্পাসে কী হতো সবাই জানে। তবে যদি এখন বলা হয়, ওই বোতলে পানি রাখা হতো—তাহলে আমি দুঃখিত।”
ওয়াজ মাহফিলে বিভিন্ন বিষয়ে তুলনামূলক বক্তব্য দিতে গিয়ে ভুল হয়ে যায় বলেও স্বীকার করেন তিনি। “ওয়াজ করতে গিয়ে নানা উদাহরণ দিই, এতে ভুল হয়,”—যোগ করেন আমির হামজা।
এর আগে ইউটিউবে প্রকাশিত একাধিক ওয়াজে তিনি নিজেকে আওয়ামী লীগ পরিবারের সন্তান বলে উল্লেখ করেন এবং তার দাদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন বলেও জানান। পাশাপাশি ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা প্রসঙ্গে দেওয়া বক্তব্য নিয়েও সমালোচনা হলে তিনি দুঃখ প্রকাশ করেন।
এ বিষয়ে মুফতি আমির হামজা বলেন, “মা হাওয়ার সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে ওই বক্তব্য দিয়েছিলাম। এজন্য মাফ চেয়েছি। ভবিষ্যতে আর এসব বলব না। কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”