নওগাঁ, প্রতিনিধি |
নওগাঁ পৌরসভার আরজি–নওগাঁ বিদ্যালয় মাঠে শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিয়েছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। বক্তব্যে তিনি ভোটকে ধর্মীয় ও নৈতিক দায়িত্বের সঙ্গে তুলনা করেন।
সভায় ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেন, কোনো মানুষ কাউকে জান্নাতে নিতে পারে না—শুধু আল্লাহই পারেন। তবে কিয়ামতের দিন যেন অন্তত বলা যায়, “হে আল্লাহ, তোমার দ্বীন কায়েমের জন্য আমি চেষ্টা করেছি।”
তিনি বলেন, ভোট একটি আমানত। এ আমানতের সঠিক ব্যবহার না হলে তা খেয়ানতের শামিল হবে। তিনি প্রশ্ন রেখে বলেন, “দাঁড়িপাল্লায় যদি ভোট না দেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে কী উত্তর দেবেন?”
শাহরিয়ার কবির আরও বলেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা। যাদের হাতে জনগণের দায়িত্ব তুলে দেওয়া হবে, তারা যদি সেই দায়িত্ব পালন না করে, তবে তারা আমানতের খেয়ানতকারী হিসেবে দায়ী থাকবে।
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ভোটের মাধ্যমে সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ নেতৃত্ব নির্বাচন করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। আবেগঘন কণ্ঠে তিনি উপস্থিত জনতাকে দ্বীন ও নৈতিকতার পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
নির্বাচনী সভায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।