হরে কৃষ্ণ হরি বোল, দাঁড়িপাল্লা টাইনে তোল: ব্যতিক্রমী স্লোগানে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু

লেখক: সুমিত বিশ্বাস
প্রকাশ: ৫ ঘন্টা আগে

দিনপত্র ডেস্ক :: হরে কৃষ্ণ হরি বোল, দাঁড়িপাল্লা টাইনে তোল’-ব্যতিক্রমী এই স্লোগান দিয়েই খুলনা-১ আসনে ভোটের মাঠ গরম করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী। দলের মনোনয়ন পাওয়ার পর শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর থেকে বটিয়াঘাটা এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন তিনি। কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি। সম্প্রতি দলটির পক্ষ থেকে তাকে এই আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। প্রার্থী ঘোষণার পরপরই তার এই স্লোগান সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ধর্মীয় আবহমান চেতনা আর জামায়াতের রাজনৈতিক প্রতীক ‘দাঁড়িপাল্লা’কে মিলিয়ে তৈরি করা এই স্লোগান নিয়ে স্থানীয় ভোটারদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। স্থানীয় অনেকেই এটিকে কেবলই ভোটারদের প্রভাবিত করতে ধর্মীয় উপাদানের ব্যবহার হিসেবে আখ্যায়িত করছেন। খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুন্সী মিজানুর রহমান বলেন, ‘কৃষ্ণ নন্দীর পক্ষে নির্বাচনী প্রচারণার জন্য দল থেকে একটি কমিটি করা হয়েছে। সেই কমিটির নেতৃবৃন্দ তাকে নিয়ে প্রচারণা শুরু করেছেন।’

ব্যবসায়ী কৃষ্ণ নন্দীর গ্রামের বাড়ি ডুমুরিয়া উপজেলার চুকনগরে। তবে বটিয়াঘাটা ও দাকোপ উপজেলা নিয়ে গঠিত এই আসনে প্রচারণার সুবিধার্থে তিনি এলাকায় বাসা ভাড়া নেওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘নির্বাচিত হতে পারলে ওই এলাকায় বাড়ি বানাব, যাতে এলাকার মানুষের সঙ্গে সহজে মিশতে পারি।’ খুলনা-১ আসনটি বরাবরই আওয়ামী লীগের ‘ঘাঁটি’ হিসেবে পরিচিত। এই আসনে সংখ্যালঘু ভোটারদের প্রভাব বেশি এবং ঐতিহাসিকভাবে সংখ্যালঘু প্রার্থীরাই এখানে জয়লাভ করে আসছেন। ১৯৭৩ সালে কুবের চন্দ্র বিশ্বাস, পরবর্তীতে প্রফুল্ল কুমার শীল, পঞ্চানন বিশ্বাস এবং ননী গোপাল মণ্ডল এখান থেকে এমপি নির্বাচিত হন।