চাঁদাবাজির অভিযোগ তুলে ইজারাদারকে ফোনে হুমকি—এমপি হাসনাতের ভিডিও ভাইরাল,

লেখক: সুমন মাহমুদ,
প্রকাশ: ৩ মাস আগে

দিনপত্র ডেস্ক :: কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি ফোনালাপের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে এক ইজারাদারকে চাঁদাবাজির অভিযোগ তুলে হুমকি দিতে শোনা যায় বলে দাবি করা হচ্ছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার নিউ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ভাইরাল হওয়া দুই মিনিট ৩৯ সেকেন্ডের ভিডিওতে এমপি হাসনাত আবদুল্লাহকে বলতে শোনা যায়,
“আপনি ইজারা তুলবেন বাজার থেকে। খুব সাবধানে তুলবেন। আমি যদি আমার লোকদের বলি, আপনাকে ঘর থেকে এনে পিটিয়ে খুঁটিতে বেঁধে রাখবে…”
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকে ঘটনাটির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বা সংশ্লিষ্ট ইজারাদারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজার ইজারা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিস্তারিত জানতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।