নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে আয়োজিত মিছিল থেকে সাত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
দলীয় সূত্র জানায়, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃকের নেতৃত্বে প্রথমে শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে একটি মিছিল ধানমন্ডি এলাকা প্রদক্ষিণ করে ৩২ নম্বরের উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় পুলিশ মিছিলটি ঘিরে ফেলে এবং সাতজনকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন রুমা আজাদ (সাংগঠনিক সম্পাদক, মহানগর উত্তর), সেতু রহমান (সাধারণ সম্পাদক, লালবাগ থানা), মৌ তানজিলা (সাংগঠনিক সম্পাদক, ঢাকা উত্তর জেলা), সীমা ফেরদৌস ও স্বপ্না আক্তার (পিরোজপুর জেলা), আফরোজা ও মুনিয়া।
পুলিশ মিছিলে ব্যবহৃত বঙ্গবন্ধুর প্রতিকৃতি, কয়েকটি ফেস্টুন এবং অংশগ্রহণকারীদের বহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করেছে। গাড়িটির চালককেও আটক করা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া এবং নেতা-কর্মীদের আটক করা অগ্রহণযোগ্য। অবিলম্বে আটক ব্যক্তিদের মুক্তির দাবি জানানো হয়েছে।