সংসদে বিতর্কিত শোক প্রস্তাব, নিন্দা ও প্রতিবাদ জানাল বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ,

লেখক: সুমন মাহমুদ,
প্রকাশ: ১ মাস আগে

ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৫:
জাতীয় সংসদে একাত্তরের পরাজিত অপশক্তি ও পাকিস্তানের দোসর যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব অন্তর্ভুক্তি এবং জাতীয় সংগীত অবমাননার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটি।
সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক প্রতিবাদলিপিতে বলা হয়, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্ত এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতার চেতনার সঙ্গে যুদ্ধাপরাধীদের নাম রাষ্ট্রীয়ভাবে উচ্চারণ করা সম্পূর্ণভাবে ইতিহাস ও জাতির আত্মত্যাগের প্রতি অবমাননা।
প্রতিবাদলিপিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় সংসদ দেশের সর্বোচ্চ গণতান্ত্রিক প্রতিষ্ঠান। সেখানে যুদ্ধাপরাধীদের নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা শুধু ইতিহাস বিকৃতি নয়, বরং মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি চরম অসম্মান। এ ধরনের কর্মকাণ্ড দেশের সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী বলেও সংগঠনটি মন্তব্য করে।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ দাবি জানিয়েছে, অবিলম্বে এই বিতর্কিত শোক প্রস্তাব বাতিল করতে হবে এবং জাতীয় সংগীতের প্রতি অবমাননার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আল মামুন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, রাজাকার ও যুদ্ধাপরাধীদের মহিমান্বিত করার যে কোনো অপচেষ্টা দেশের মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ষড়যন্ত্র। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশের সকল প্রগতিশীল, সাংস্কৃতিক ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন, “মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননা করে কোনো অপশক্তির অপপ্রচার সফল হবে না। শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”