দিনপত্র ডেস্ক :: গোপালগঞ্জের কোটালীপাড়া-টুঙ্গিপাড়া আসনের নবনির্বাচিত এমপি এস এম জেলানির আত্মীয় পরিচয় ব্যবহার করে টুঙ্গিপাড়ার এক ঠিকাদার শফিক বিশ্বাসের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি মালিকানাধীন জমির সংলগ্ন এলাকা থেকে বেআইনিভাবে বালু উত্তোলন করছেন।
অভিযোগ রয়েছে, জমির প্রকৃত মালিক এ বিষয়ে প্রতিবাদ জানালে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। এতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ মনে করছেন, জনপ্রতিনিধির আত্মীয় পরিচয় ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করা হলে তা আইনের শাসন ও ন্যায়বিচারের পরিপন্থী।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তারা অবৈধ বালু উত্তোলন বন্ধ, হুমকির তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।