প্রশাসনকে ‘আন্ডারে আনার’ বক্তব্য জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে

লেখক: সুমিত বিশ্বাস
প্রকাশ: ১ দিন আগে

দিনপত্র ডেস্ক ::বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী প্রশাসন নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ার পর দলের পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিলো,
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত নোটিশটি দেওয়া হয়ে ছিলো।
কী বলেছিলেন শাহজাহান চৌধুরী
গত ২২ নভেম্বর চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন হলে জামায়াতে ইসলামী আয়োজিত ‘নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে’ বক্তব্য রাখতে গিয়ে শাহজাহান চৌধুরী বলেন, আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ থেকে বস্তা বস্তা টাকা ও অস্ত্র ঢুকবে।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াত মনোনীত এই প্রার্থী আরও বলেন,
“নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়… যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে, তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে।”
শোকজ নোটিশে যা বলা হয়েছে
কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, শাহজাহান চৌধুরীর বক্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, যা রাষ্ট্রীয় প্রশাসনের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও মূল স্পিরিটকে স্পষ্টভাবে ব্যাহত করেছে।
নোটিশে আরও বলা হয়,
“আমরা মনে করি, প্রশাসন পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করবেন। এখানে আমাদের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।”
এ ছাড়া নোটিশে উল্লেখ করা হয়, অতীতেও শাহজাহান চৌধুরী একাধিকবার দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক ভাবমর্যাদা ক্ষুণ্নকারী বক্তব্য দিয়েছেন। এসব কারণে তাকে কয়েকবার সতর্ক করা হয়েছে। এমনকি জামায়াত আমির নিজেও তাকে ডেকে সতর্ক করেছেন, কিন্তু এরপরও তার আচরণে কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি।