রোজা ও পূজা একই মুদ্রার এপিঠ-ওপিঠ’ মন্তব্য: জামায়াত নেতা শিশির মনিরের বিরুদ্ধে মামলার আবেদন

লেখক: সুমিত বিশ্বাস
প্রকাশ: ২ দিন আগে

দিনপত্র ডেস্ক :: ‘রোজা ও পূজা একই মুদ্রার এপিঠ-ওপিঠ’—এমন মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে মামলা করার আবেদন করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে এ আবেদন করেন রিদওয়ান হোসেন রবিন নামের এক ব্যক্তি।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্তের জন্য মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দিয়েছেন।
মামলার আবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি ‘ডিএসএন’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে শিশির মনির বলেন, ‘রোজা ও পূজা একই মুদ্রার এপিঠ ও ওপিঠ।’ বাদীর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এবং ইচ্ছাকৃতভাবে দেশের মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করতেই তিনি এ মন্তব্য করেছেন।
আবেদনে আরও বলা হয়, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়। ইসলাম ধর্ম অনুযায়ী রোজা পালন করা হয় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, যার প্রতিদান আল্লাহ নিজ হাতে দেবেন বলে বিশ্বাস করা হয়। অন্যদিকে সনাতন ধর্মাবলম্বীরা দেব-দেবীর উদ্দেশ্যে পূজা করে থাকেন।
রোজাকে পূজার সঙ্গে তুলনা করা বা একইভাবে উপস্থাপন করা মুসলিম ধর্মাবলম্বীদের কাছে গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করে মামলার আবেদনে বলা হয়, এ ধরনের বক্তব্য সরাসরি ধর্মীয় বিশ্বাসে আঘাত করে এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াসের শামিল।
এ বিষয়ে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আদালত সূত্রে জানা গেছে।