দিনপত্র ডেস্ক :: সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এনসিপি নেতা আক্তার হোসেন–কে ঘিরে। বিরোধী রাজনৈতিক দল ও স্থানীয় কয়েকটি সংগঠন তাকে ‘জুলাই সন্ত্রাসী’ আখ্যা দিয়ে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, সাম্প্রতিক সহিংসতা, চাঁদাবাজি ও রাজনৈতিক ভয়ভীতি প্রদর্শনের একাধিক ঘটনায় তার নাম উঠে এসেছে।
বিরোধী মহলের দাবি, একজন পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায়ও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার সময় বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনাতেও তার অনুসারীদের নাম এসেছে বলে তারা অভিযোগ করেন। চাঁদাবাজির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগও তোলা হয়েছে তার বিরুদ্ধে।
বিক্ষোভকারীরা বলেছেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। অভিযোগ প্রমাণিত হলে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।” তবে এনসিপির পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।
প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।