লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি পেয়ে CGS পদে নিয়োগ পাচ্ছেন জোবায়ের সালেহীন

লেখক: সুমিত বিশ্বাস
প্রকাশ: ৩ মাস আগে

দিনপত্র ডেস্ক :: বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (CGS) পদে নিয়োগ পেতে যাচ্ছেন মেজর জেনারেল জোবায়ের সালেহীন, এসইউপি, এনডিইউ, পিএসসি। তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বর্তমান চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম অবসর ছুটিতে যাওয়ায় পদটি শূন্য হয়। সেই প্রেক্ষাপটে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে এই নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।
জোবায়ের সালেহীন বর্তমানে লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ ও কৌশলগত পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সেনাবাহিনী সদর দপ্তরে অ্যাডজুটেন্ট জেনারেল (এজি), ঢাকা সেনানিবাসে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ এবং সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি)-এর কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ সামরিক অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা ও কূটনৈতিক দায়িত্ব পালনের অভিজ্ঞতার কারণে তাকে সেনাবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ এই পদে উপযুক্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।