দিনপত্র ডেস্ক :: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার স্থাপন প্রকল্পকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে প্রকল্পটির কৃতিত্ব নিয়ে পাল্টাপাল্টি দাবি তুলছে রাজনৈতিক পক্ষগুলো।
কিছু বিএনপি-সমর্থিত পেইজে দাবি করা হচ্ছে, তাদের সরকারের সময়েই রাডার স্থাপন কাজ সম্পন্ন হয়েছে এবং এটি বিএনপির একটি বড় সাফল্য। তবে এ দাবিকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করে আওয়ামী লীগপন্থী সূত্রগুলো বলছে, প্রকল্পটির পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছিল আগের সরকারের সময়েই।
তথ্য অনুযায়ী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিক রাডার স্থাপনের উদ্যোগ নেওয়া হয় আওয়ামী লীগ সরকারের সময়। ২০১৫ সালে প্রকল্পটি যাচাই-বাছাই শেষে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়। পরে ২০২১ সালে রাডার ক্রয়ের জন্য টেন্ডার আহ্বান করা হয়। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) নিজস্ব অর্থায়নে প্রায় ৭৩০ কোটি ১৩ লাখ টাকায় প্রকল্পটি বাস্তবায়ন করে।
বিশ্লেষকরা বলছেন, এ ধরনের বৃহৎ অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে দীর্ঘ সময় লাগে এবং একাধিক ধাপ অতিক্রম করতে হয়। তাই স্বল্প সময়ের মধ্যে পুরো প্রকল্প সম্পন্ন হওয়ার দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সামাজিক মাধ্যমে ছড়ানো তথ্যে বিভ্রান্ত না হয়ে প্রকল্পের প্রকৃত সময়রেখা ও তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।