রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নতুন জটিলতা, চাপে বাংলাদেশ

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

নিউজ ডেস্ক:: রাখাইন রাজ্যে পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে। মিয়ানমারের জান্তা সেনাদের পাশাপাশি এখন আরাকান আর্মি (এএ) সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী—আরএসএ (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) এবং আরএসও (রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন)-এর হামলারও মুখোমুখি হচ্ছে। ফলে রাখাইনে সংঘাতের মাত্রা আরও তীব্র আকার ধারণ করেছে।

কূটনৈতিক মহলের আশঙ্কা, এই সংঘাত সরাসরি বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিকেও প্রভাবিত করতে পারে। সীমান্তবর্তী মংডু ও বুথিডং এলাকায় গোলাগুলি ও পাল্টা হামলার কারণে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যেই কক্সবাজার ও বান্দরবানের সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, রাখাইনে তিনমুখী সংঘর্ষ (জান্তা সেনা, আরাকান আর্মি ও রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী) দীর্ঘায়িত হলে এর ধাক্কা সরাসরি বাংলাদেশকে বহন করতে হবে। একদিকে মানবিক সংকট ও অনুপ্রবেশের চাপ, অন্যদিকে সীমান্তে সশস্ত্র অনুপ্রবেশ ও নিরাপত্তা ঝুঁকি—সব মিলিয়ে পরিস্থিতি ঢাকার জন্য একটি বড় কূটনৈতিক ও নিরাপত্তাগত চ্যালেঞ্জ হয়ে উঠছে।

একজন নিরাপত্তা বিশ্লেষক বলেন, “মিয়ানমারের ভেতরে রোহিঙ্গা বিদ্রোহীদের সক্রিয়তা এবং রাখাইন সংঘাত বাংলাদেশের জন্য দ্বিমুখী চাপ তৈরি করছে। এখন ঢাকা যদি আন্তর্জাতিক পরিসরে সক্রিয় না হয়, ভবিষ্যতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।”