দিনপত্র ডেস্ক :: পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক খান কারাগারে মৃত্যুবরণ করেছেন। পরিবার ও সহকর্মীদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মিথ্যা মামলায় কারাবন্দী ছিলেন এবং অসুস্থ থাকা সত্ত্বেও জামিন পাননি।
জানা গেছে, প্রায় ১৮ মাস ধরে তিনি কারাগারে আটক ছিলেন। অভিযোগ রয়েছে, অসুস্থ অবস্থায় যথাযথ চিকিৎসা ও জামিনের সুযোগ না পেয়ে কারাগারের নির্জন প্রকোষ্ঠে তার মৃত্যু হয়। এ ঘটনায় রাজনৈতিক মহলে শোক ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
শফিক খানের মৃত্যুর পর তার সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা দাবি করেছেন, বিগত সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নানা হয়রানি ও নির্যাতন চালানো হয়েছে এবং বর্তমান প্রশাসনও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে বলে তাদের অভিযোগ।
এদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
শফিক খানের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবারের পক্ষ থেকে বিনা বিচারে আটক রাজবন্দীদের মুক্তির দাবি জানানো হয়েছে।