জামালপুরে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবার-দলের অভিযোগ ‘পরিকল্পিত জেল হত্যা’

লেখক: সুমিত রায়,
প্রকাশ: ২ মাস আগে

দিনপত্র ডেস্ক :: জামালপুরে কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে তিনি মারা যান।
মৃত জিয়াউল হক জিয়া জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জানা গেছে, দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর একটি মামলায় গত ১৫ জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি জামালপুর জেলা কারাগারে বন্দি ছিলেন।
কারাগারে থাকা অবস্থায় ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত জিয়াউল হক জিয়াকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে ছুটির দিন হওয়ায় বিশেষজ্ঞ চিকিৎসক না পাওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
পরবর্তীতে দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার ও দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মীদের অভিযোগ, এটি একটি পরিকল্পিত ‘জেল হত্যা’।