দিনপত্র ডেস্ক :: পাকিস্তানের শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি পরিচয়ে বাংলাদেশে আসা ২৬ জন পাকিস্তানি নাগরিককে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের দাবি, আগত ব্যক্তিদের মধ্যে কেউ কেউ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা (আইএসআই)-এর সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি বা স্বাধীনভাবে যাচাইকৃত প্রমাণ প্রকাশিত হয়নি।
সূত্র জানায়, পাকিস্তান হাই কমিশনের তত্ত্বাবধানে গত ১০ মে দুপুর ১টায় তারা ঢাকার Lake Castle Hotel-এ চেক-ইন করেন। তাদের মধ্যে চিকিৎসক, গবেষক ও বিভিন্ন পেশাজীবী পরিচয়ের ব্যক্তিরা রয়েছেন বলে জানা গেছে।
আরও দাবি করা হচ্ছে, সফরকালে তারা বাংলাদেশের কিছু গোয়েন্দা সংস্থার সাবেক বা বর্তমান ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। তবে এসব বৈঠকের উদ্দেশ্য, স্থান কিংবা অংশগ্রহণকারীদের বিষয়ে নির্ভরযোগ্য কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
প্রাপ্ত তথ্যমতে, সফরকারীদের মধ্যে ২ জন ১৫ মে, ১ জন ১৮ মে, ২১ জন ২১ মে, ১ জন ২২ মে এবং ১ জন ২৫ মে ২০২৬ তারিখে বাংলাদেশ ত্যাগ করবেন বলে জানা গেছে।