পারমাণবিক বিশ্বের ‘এলিট ক্লাবে’ বাংলাদেশ: রূপপুরে সম্পন্ন হলো ফুয়েল লোডিং,

লেখক: সাম্রাজ,
প্রকাশ: ১১ ঘন্টা আগে

দিনপত্র ডেস্ক ::  পারমাণবিক শক্তি ব্যবহারের চূড়ান্ত ধাপে পৌঁছে গেছে বাংলাদেশ। গত মঙ্গলবার (২৮ এপ্রিল) পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে সফলভাবে পারমাণবিক জ্বালানি বা ‘ফুয়েল লোডিং’ সম্পন্ন হয়েছে। এই ঐতিহাসিক অর্জনের মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশগুলোর অভিজাত বা ‘এলিট’ তালিকায় মর্যাদাপূর্ণ স্থান করে নিলো বাংলাদেশ।
​আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এবং ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বিশ্বের প্রায় ৩১টি দেশ বাণিজ্যিকভাবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করছে। রূপপুরে ফুয়েল লোডিং সম্পন্ন হওয়ার মাধ্যমে সেই তালিকায় নতুনভাবে যুক্ত হতে চলেছে বাংলাদেশের নাম।
​সংশ্লিষ্টরা মনে করছেন, মেগা এই প্রকল্পটির সফল বাস্তবায়ন দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক যুগান্তকারী পরিবর্তন আনবে। রূপপুরের এই অসামান্য সাফল্য বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির মুকুটে নিঃসন্দেহে নতুন একটি পালক যুক্ত করেছে, যা দেশের ইতিহাসে একটি বিশাল মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।