প্রটোকল ভেঙে সেনাপ্রধানের হাত ধরে হাঁটা নিয়ে বাহিনীর ভিতরে সমালোচনা চলছে

লেখক: সিমান্ত দে,
প্রকাশ: ৩ মাস আগে

দিনপত্র ডেস্ক :: সাম্প্রতিক এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডঃ ইউনুস হঠাৎ সেনাপ্রধানের হাত ধরে হাঁটতে শুরু করলে তা দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে। তবে এই ঘটনা নিছক মানবিক মুহূর্ত বা ব্যক্তিগত সৌজন্যের চিহ্ন হিসেবে দেখা ঠিক হবে না। রাষ্ট্র পরিচালনা ব্যক্তিগত বন্ধুত্ব বা হাত ধরে হাঁটার মাধ্যমে হয় নাএটি আসে দায়িত্ব, কর্মদক্ষতা, নীতি ও শৃঙ্খলার মধ্য দিয়ে।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের প্রতিটি অঙ্গভঙ্গি রাষ্ট্রের বার্তা বহন করে।

অসুস্থতার অজুহাত থাকলেও নির্ধারিত নিরাপত্তা ও সহায়তার কাঠামো এসএসএফ, প্রটোকল কর্মকর্তা ও চিকিৎসা সহায়তা সর্বদা রাষ্ট্রের তত্ত্বাবধানে থাকে। সেই কাঠামো উপেক্ষা করে সেনাপ্রধানের হাত ধরে হাঁটা কেবল অপ্রয়োজনীয় নয়, বরং দায়িত্ববোধের ঘাটতি এবং প্রটোকল সচেতনতার অভাব প্রকাশ করে।

সবচেয়ে উদ্বেগজনক হলো এর প্রতীকী প্রভাব। একটি ছবি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে ক্ষমতার ভারসাম্য কোথায়, দায়িত্বের সীমা কতটা স্পষ্ট। সামরিক বাহিনী রাষ্ট্রের শক্তি ও শৃঙ্খলার প্রতীক; তাকে ব্যক্তিগত বন্ধুত্বের মঞ্চে দেখা রাষ্ট্রীয় ইমেজকে দুর্বল করে।

জনগণের সঙ্গে বন্ধুত্বের গভীরতা হাত ধরার মাধ্যমে নয় কর্ম, দৃঢ়তা ও দায়িত্বপালনের মাধ্যমে প্রমাণ করা উচিত। রাষ্ট্রীয় শালীনতা মানে আবেগ দমন নয়, বরং তা পদ ও দায়িত্বের সীমার মধ্যে রাখা। ভবিষ্যতে এমন মুহূর্ত থেকে সংযম দেখানো রাষ্ট্রের স্বার্থে অপরিহার্য।