নিজস্ব প্রতিবেদক
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা গভীর শ্রদ্ধা জানিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি।
১৭ এপ্রিল উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি স্মরণ করেন ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণের ঐতিহাসিক মুহূর্ত। তিনি উল্লেখ করেন, বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে গঠিত সেই সরকারই মুক্তিযুদ্ধ পরিচালনা করে এবং বিশ্ব মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটায়।
শেখ হাসিনা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন পঁচাত্তরের শহীদ জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহীদ এবং সম্ভ্রম হারানো তিন লাখ মা-বোনসহ সকল মুক্তিযোদ্ধা ও সংগঠকদের।
বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ১৯৭২ সালের সংবিধানকে ঘিরে ষড়যন্ত্র দেশের জন্য উদ্বেগজনক। তার মতে, এই সংবিধান শহীদের রক্তে অর্জিত একটি পবিত্র দলিল এবং বাংলাদেশের অসাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি।
তিনি আরও বলেন, স্বাধীনতার বিরোধী শক্তির উত্থান মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী এবং শহীদের আত্মত্যাগের প্রতি অসম্মানজনক।
মুজিবনগর দিবসের চেতনাকে সামনে রেখে শেখ হাসিনা দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।