বঙ্গবন্ধুর স্বপ্নে নতুন জাগরণ শপথ—আমরাও নিচ্ছি আজ,

লেখক: সাম্রাজ,
প্রকাশ: ৩ মাস আগে

দিনপত্র ডেস্ক :: আজ আমরা হৃদয়ে হাত রেখে শপথ করছি অন্যায়, অবহেলা আর বিভ্রান্তির অন্ধকার ভেদ করে সত্য, সাহস ও আদর্শের আলোকবর্তিকা হাতে নতুন জাগরণের পথে এগিয়ে যাবো। এই জাগরণ কেবল একটি রাজনৈতিক প্রত্যয় নয় এটি আত্মশুদ্ধির, আত্মসমালোচনার এবং নতুন করে উঠে দাঁড়ানোর অঙ্গীকার। জনপরিসরে ক্ষতিগ্রস্ত ইমেজ পুনর্গঠন করে বাংলাদেশ আওয়ামী লীগ–কে আবারও জনগণের আস্থার প্রতীকে পরিণত করাই আমাদের দৃঢ় সংকল্প।
তৃণমূলের ঘাম, শ্রম আর ত্যাগের উপর দাঁড়িয়ে যে দল ইতিহাস সৃষ্টি করেছে, সেই তৃণমূলই আমাদের শক্তির উৎস। তাই তৃণমূলকে অবহেলা করা কোনো নেতৃত্বের স্থান এ দলে হতে পারে না। আমরা প্রত্যয় করছি হাইব্রিড নেতৃত্ব, সুযোগসন্ধানী ও আদর্শবিচ্যুত রাজনীতিকে পরিহার করে প্রকৃত ত্যাগী কর্মীদের মর্যাদা ও সম্মান ফিরিয়ে আনবো।

এই জাগরণ হবে শুদ্ধতার, দায়বদ্ধতার এবং ঐক্যের।
আমাদের পথপ্রদর্শক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান–এর আদর্শ। তাঁর স্বপ্ন ছিল শোষণমুক্ত, বৈষম্যহীন, মানবিক এক বাংলাদেশ—যেখানে মানুষের অধিকার হবে অগ্রগণ্য, ন্যায় হবে প্রতিষ্ঠিত, আর উন্নয়ন হবে সবার জন্য। সেই স্বপ্ন আজও আমাদের রক্তে স্পন্দিত হয়, আমাদের শিরায় শিরায় জাগায় অদম্য সাহস। আমরা বিশ্বাস করি—জনগণই সকল শক্তির উৎস, জনগণই আমাদের শেষ ভরসা।
বাংলার মাটি, বাংলার মানুষ, বাংলার মুক্তির ইতিহাস
সবকিছুই সাক্ষী থাকুক আমাদের এই নবজাগরণের অঙ্গীকারে। জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট নিয়েই আমরা আবারও আদর্শের পতাকা উড়াবো। ঐক্য, শৃঙ্খলা ও আত্মত্যাগের মাধ্যমে আমরা দলকে সুসংগঠিত করবো, আস্থা ফিরিয়ে আনবো, এবং ন্যায় ও উন্নয়নের পথে বাংলাদেশকে এগিয়ে নেবো।
আজকের এই শপথ কেবল উচ্চারিত শব্দ নয়—এ আমাদের আত্মার দীপ্ত প্রতিজ্ঞা। আমরা হার মানবো না। আমরা থামবো না। বঙ্গবন্ধুর স্বপ্নে, নতুন জাগরণে আমরাই এগিয়ে যাবো।