“প্রেস সচিব শফিকুর রহমানের ইন্ধনে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ

লেখক: রেজা রুবেল
প্রকাশ: ৭ মাস আগে

নিউজ ডেস্ক ::রাজধানীর বিজয়নগরে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

একটি সূত্র জানিয়েছে, গণঅধিকার পরিষদের একাংশের নেতাকর্মীদের উস্কে দিয়ে জাতীয় পার্টির অফিসে হামলার জন্য পাঠান প্রেস সচিব শফিকুর রহমান। সূত্র আরও জানায়, কিছুদিন আগে নুর আহত হওয়ার ঘটনার পর থেকেই গণঅধিকার পরিষদের নেতারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ কয়েক দফা দাবি তুলে আন্দোলন চালিয়ে আসছিলেন। সেই ঘটনার চাপা ক্ষোভ আড়াল করতে আজকের এই হামলা সংগঠিত করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রেস সচিবের ইন্ধনে সংঘবদ্ধ একটি গ্রুপ হঠাৎ করেই কার্যালয়ে প্রবেশ করে তাণ্ডব চালায়। এসময় চেয়ার-টেবিল ভাঙচুর করা হয় এবং ভবনের ভেতরে আগুন দেওয়া হয়।

ঘটনার পর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়। তবে অগ্নিকাণ্ডে অফিসের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও আসবাবপত্র পুড়ে গেছে বলে জানা গেছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জাতীয় পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই হামলা চালানো হয়েছে।