বাংলাদেশ সীমান্তে ভারতের ত্রিশক্তির সামরিক মহড়া: দ্রুত মোতায়েন ও সমন্বয় ক্ষমতা যাচাই

লেখক: রুবেল,
প্রকাশ: ৪ মাস আগে

ডেস্ক রিপোর্ট |
বাংলাদেশ সীমান্তসংলগ্ন উত্তর-পূর্ব ভারতে ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী ও আসাম রাইফেলসের সমন্বয়ে একটি গুরুত্বপূর্ণ যৌথ সামরিক মহড়া পরিচালিত হয়েছে। এই মহড়ায় দুর্গম ও অগ্রবর্তী এলাকায় দ্রুত বাহিনী মোতায়েনের সক্ষমতা (Force Induction) যাচাই করা হয়।
ভারতীয় সেনার Dao Division (Spear Corps)-এর নেতৃত্বে পরিচালিত এই মহড়ায় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে পাহাড়ি ও জটিল ভৌগোলিক অঞ্চলে দ্রুত অপারেশন চালানোর প্রস্তুতি। মহড়ার বিভিন্ন ধাপে আকাশ ও স্থলবাহিনীর মধ্যে কার্যকর সমন্বয়, দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা এবং দূরবর্তী সেক্টরে অপারেশনাল প্রস্তুতির বাস্তব অনুশীলন করা হয়।
মহড়ায় যে বিষয়গুলো বিশেষভাবে সামনে এসেছে—
আকাশ ও স্থলবাহিনীর মধ্যে সমন্বিত অভিযান
দুর্গম পাহাড়ি ভূখণ্ডে দ্রুত মোতায়েনের দক্ষতা
সীমান্তবর্তী দূরবর্তী এলাকায় অপারেশনাল প্রস্তুতির বাস্তব পরীক্ষা
সামরিক সূত্রের দাবি, উত্তর-পূর্ব ভারতের মতো সংবেদনশীল ও ভৌগোলিকভাবে জটিল অঞ্চলে রেসপন্স টাইম কমানো এবং আন্তঃবাহিনী সমন্বয় জোরদার করাই এই ধরনের মহড়ার মূল উদ্দেশ্য।
বাংলাদেশ ঘিরে কৌশলগত বার্তা?
বিশ্লেষকদের মতে, এই মহড়া শুধু অভ্যন্তরীণ প্রস্তুতির মধ্যেই সীমাবদ্ধ নয়। সীমান্তঘেঁষা অঞ্চলে ভারতের প্রতিরোধমূলক সক্ষমতা বাড়ানো এবং কৌশলগত প্রভাব জোরদার করার অংশ হিসেবেই এটিকে দেখা হচ্ছে। বিশেষ করে ‘চিকেন নেক’ করিডরের আশপাশে দ্রুত মোতায়েন ও লজিস্টিক সক্ষমতা বৃদ্ধির ওপর জোর ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে।
কিছু নিরাপত্তা বিশ্লেষকের অভিমত, এই প্রস্তুতির পরোক্ষ লক্ষ্য বাংলাদেশ সীমান্তকে কেন্দ্র করেই। তাদের দাবি, সম্ভাব্য যে কোনো অনিশ্চয়তা মোকাবিলায় ভারত ‘চিকেন নেক’ করিডরের নিয়ন্ত্রণ ও সামরিক প্রভাব আরও শক্ত করতে চাইছে।
তবে ভারতীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই মহড়াকে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম হিসেবেই উল্লেখ করেছে।