দিনপত্র ডেস্ক :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি জামায়াতে ইসলামীর সমর্থক বলে এলাকায় পরিচিত।
রোববার (১৮ জানুয়ারি) রাতে ভুক্তভোগী নারী (৪৭) কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
থানা ও অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত কাউছার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মোশারফ হোসেন ওরফে আবুল হাশেমের ছেলে। ভুক্তভোগী নারীও একই এলাকার বাসিন্দা।
লিখিত অভিযোগে বলা হয়, প্রায় দুই মাস আগে কাউছার একটি সংস্থার মাধ্যমে ভুক্তভোগী নারীকে টয়লেট স্থাপনের জন্য ১০টি রিংয়ের ব্যবস্থা করে দেন। এরপর গত ২৭ ডিসেম্বর ফোন করে শীতের কম্বল দেওয়ার কথা বলে তাকে নিজের বাড়িতে ডাকেন। পরদিন (২৮ ডিসেম্বর) সকালে কম্বল আনতে গেলে অভিযুক্ত ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী নারী অভিযোগে জানান, ঘটনার পর বিষয়টি কাউকে জানালে তাকে এবং তার ২০ বছর বয়সী মেয়েকে হত্যার হুমকি দেওয়া হয়। প্রাণভয়ে তিনি দীর্ঘদিন বিষয়টি গোপন রাখেন। বর্তমানে তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. কাউছার দাবি করেন, তিনি জামায়াতের একজন সক্রিয় সমর্থক এবং আসন্ন নির্বাচনে নোয়াখালী-৫ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে কাজ করছেন। রাজনৈতিক উদ্দেশ্যে একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগ দায়ের করিয়েছে বলে তিনি দাবি করেন।
চরকাঁকড়া ইউনিয়ন জামায়াতের ১ নম্বর ওয়ার্ড সভাপতি মো. শরফুদ্দিন সৌরভ বলেন, কাউছার জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত। বিষয়টি দলীয়ভাবে তদন্ত করে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার তিন সপ্তাহ পর অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।