মুখে ধর্ম, হাতে মদের লাইসেন্স—হারামকে হালাল করার প্রতিশ্রুতি

লেখক: আকবর আলী শাহ,
প্রকাশ: ৩ মাস আগে

দিনপত্র ডেস্ক :: ধর্মের পতাকা কাঁধে তুলে ক্ষমতায় গেলে নাকি কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা আবার সচল হবে। কী অপূর্ব রূপান্তর! কাল পর্যন্ত যা হারাম ছিল, আজ সেটাই উন্নয়ন। যে বস্তু এতদিন গুনাহের তালিকায় ছিল, ক্ষমতার ছোঁয়ায় সেটাই হয়ে উঠছে রাষ্ট্রীয় রাজস্ব। সময় বদলালে ফতোয়ার নমনীয়তা যে কতদূর যেতে পারে, এই ঘোষণা তার উৎকৃষ্ট উদাহরণ।
মদের বোতলে শুধু লেবেল পাল্টাবে—ভেতরের নেশা একই থাকবে, বাইরে জুড়ে দেওয়া হবে “ইসলামী অর্থনীতি”র সিল। মুখে তাকওয়ার দীর্ঘ ভাষণ, হাতে সরকারি লাইসেন্স। মিম্বরে দাঁড়িয়ে হালাল-হারামের কঠোর তালিকা, আর বৈঠকখানায় বসে ঠান্ডা মাথায় লাভ-লোকসানের হিসাব। নীতি এখানে এতটাই হালকা যে ক্ষমতার বাতাসে দিক বদলাতে এক মুহূর্তও লাগে না।
জামায়াতের আমীরের বক্তব্য স্পষ্ট করে দেয়—সমস্যা কখনোই মদে ছিল না, সমস্যা ছিল ক্ষমতার বাইরে থাকায়। ক্ষমতায় গেলেই সব জায়েজ, শুধু যুক্তির গায়ে ধর্মের দাড়ি লাগিয়ে দিলেই হলো। তখন হারাম হয়ে যায় “পরিস্থিতিনির্ভর”, আর নীতি রূপ নেয় “অর্থনৈতিক বাস্তবতা”য়।
এই রাজনীতিতে ধর্ম আর বিশ্বাসের জায়গায় নেই, আছে ব্যবহারযোগ্য হাতিয়ার হিসেবে। প্রয়োজন হলে সামনে, অপ্রয়োজনে আড়ালে। প্রশ্ন উঠলেই শোনা যায় দেশের স্বার্থ, জনগণের কল্যাণ। কিন্তু মানুষ এখন বুঝতে শুরু করেছে, এই কল্যাণের সংজ্ঞা বদলায় একটাই জায়গায় ক্ষমতার দরজায়।